চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় কাশিমনগর যুবসমাজের উদ্যোগে আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে ‘ফ্রিজ-টিভি কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর মেগা ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। টানটান উত্তেজনার ফাইনালে নির্ধারিত সময় ও টাইব্রেকারে সমতা থাকায় শেষ পর্যন্ত লটারির মাধ্যমে সাদুল্লাপুর ইউপি বন্ধু একাদশকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ওটারচর উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত এই মেগা ফাইনাল। খেলা দেখতে দূর-দূরান্ত থেকে হাজারো দর্শক মাঠে উপস্থিত হন। পুরো মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ।
ফাইনালে মুখোমুখি হয় সাদুল্লাপুর ইউপি বন্ধু একাদশ ও বসুন্ধরা এলপিজি বালুচর। শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। নির্ধারিত সময়ের খেলায় উভয় দল দুটি করে গোল করে সমতায় থাকে। পরে টাইব্রেকারেও কোনো দল ম্যাচের নিষ্পত্তি করতে না পারায় শেষ পর্যন্ত লটারির মাধ্যমে সাদুল্লাপুর ইউপি বন্ধু একাদশকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
খেলায় প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার। পৃষ্ঠপোষকতায় ছিলেন মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন। উদ্বোধক ছিলেন চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল ইসলাম বেনু।
গজরা ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ মুন্সির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওটারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ সোহেল, ছেংগারচর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাইদ বেপারী ও মো. ফারুক শিকদার।
এ সময় আরও উপস্থিত ছিলেন গজরা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি নুরুল আমিন মাস্টার, সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেনসহ স্থানীয় বিএনপি, যুবদল ও বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ।
খেলা পরিচালনায় ছিলেন ইঞ্জি. শফিকুল ইসলাম, মো. ওলিউল্লাহ অলু, শ্যামল কাজী, ছাদরুল আমিন, মো. মুকুল প্রধান, তাজুল ইসলাম, সুমন বেপারী, আলআমিন মজুমদার, কবির প্রধান, আলম প্রধান, কামরুল ইসলাম বাচ্চু, সুমন সরকার ও আক্তার প্রধান।
মেগা ফাইনালকে ঘিরে ওটারচর উচ্চ বিদ্যালয় মাঠে হাজারো দর্শকের উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় মিলনমেলায়। উত্তেজনাপূর্ণ ম্যাচ শেষে লটারিতে চ্যাম্পিয়ন হওয়া সাদুল্লাপুর ইউপি বন্ধু একাদশের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

নিজস্ব প্রতিবেদক