প্রকাশের সময়: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ । ২:৪৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

নিশ্চিন্তপুর কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা নূরুজ্জামানের ইন্তিকালে ডা. শফিকুর রহমানের শোক

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের জাতীয় পরিষদ সদস্য ও চাঁদপুর জেলা সভাপতি এবং চাঁদপুরের কচুয়া উপজেলার নিশ্চিন্তপুর কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা মো. নূরুজ্জামানের ইন্তিকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।

৬ সেপ্টেম্বর এক শোকবাণীতে ডা. শফিকুর রহমান বলেন, মাওলানা মো. নূরুজ্জামান ক্যান্সারে আক্রান্ত হয়ে ৩ সেপ্টেম্বর বাদ মাগরিব ঢাকার ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫৬ বছর বয়সে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর স্ত্রী ও তিন পুত্রসহ বহু আত্মীয়-স্বজন রয়েছেন।

শোকবাণীতে তিনি আরও বলেন, গত ৪ সেপ্টেম্বর সকাল ১০টায় কুমিল্লা জেলার বরুড়া উপজেলার আড্ডা ডিগ্রি কলেজ মাঠে জানাজা শেষে মাওলানা নূরুজ্জামানকে আড্ডায় তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

ডা. শফিকুর রহমান বলেন, মাওলানা মো. নূরুজ্জামান ইলমে হাদিস তথা দ্বীনি ইলমের চর্চায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। কুরআন ও হাদিসের শিক্ষা গ্রহণ, শিক্ষা দান এবং এর বিস্তার ও প্রসারে তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। একজন প্রথিতযশা আলেম, মুফাসসির ও ওয়ায়েজ হিসেবে তিনি খ্যাতি অর্জন করেছিলেন।

তিনি বলেন, মাওলানা নূরুজ্জামানের ইন্তিকালে জাতি একজন আলেমে দ্বীনকে হারিয়েছে। তাঁর ইন্তিকালে আমরা গভীরভাবে শোকাহত।

শোকবাণীর শেষাংশে ডা. শফিকুর রহমান মহান আল্লাহর কাছে মরহুমের গুনাহসমূহ ক্ষমা করে দিয়ে তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দানের জন্য দোয়া করেন। একই সঙ্গে তিনি মরহুমের শোকাহত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রিন্ট করুন