চাঁদপুরের মতলব দক্ষিণে পৃথক অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ী ও তিন ওয়ারেন্টভুক্ত আসামিসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান মানিকের নির্দেশনায় গত ৫ ও ৬ সেপ্টেম্বর উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী ও বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
থানা সূত্রে জানা যায়, ৫ সেপ্টেম্বর দুপুরে থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার সঙ্গীয় ফোর্স নিয়ে মতলব পৌরসভার মোবারকদী গ্রামের জলিল মোল্লার বাড়ির সামনে সড়কে অভিযান চালান। এ সময় স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় ২ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাসেম সওদাগর (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি মোবারকদী গ্রামের বাসিন্দা। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাঁর বিরুদ্ধে থানায় পূর্বের মামলাও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
একই দিন উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে মোবারকদী এলাকা থেকে মাদকসহ মো. কাউসার (২৩) ও রবিন আখন্দ (১৮) নামে আরও দুজনকে আটক করা হয়। কাউসার মোবারকদী গ্রামের এবং রবিন আখন্দ চাঁদপুর সদর উপজেলার ধনপর্দী গ্রামের বাসিন্দা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
এদিকে, ৬ সেপ্টেম্বর এসআই দেলোয়ার সঙ্গীয় ফোর্সসহ পৈলপাড়া এলাকায় অভিযান চালিয়ে জিআর মামলা নং-১০৩/২০ (সাজা)-এর আসামি মো. জাহিদকে গ্রেপ্তার করেন। তিনি পৈলপাড়া (যোগী বাড়ি) গ্রামের আলমগীর হোসেনের ছেলে। মামলায় তাঁর ছয় মাসের সাজা ও ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রয়েছে বলে জানায় পুলিশ।
অপরদিকে, এসআই ইমতিয়াজ কবীর সঙ্গীয় ফোর্সসহ খর্গপুর এলাকায় অভিযান চালিয়ে পারিবারিক মামলা নং-৪২৪/২০২৫-এর আসামি মো. কাউছার (৩৯)কে গ্রেপ্তার করেন। তিনি খর্গপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।
এছাড়া এএসআই (নিরস্ত্র) শিমুল চন্দ্র নাথ সঙ্গীয় ফোর্সসহ পাঁচদোনা (নায়েরগাঁও) এলাকায় অভিযান চালিয়ে নাঃশিঃ নং-৩১১/২১-এর আসামি মো. বোরহানকে গ্রেপ্তার করেন। তিনি ওই গ্রামের আইয়ুব আলীর ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান মানিক বলেন, ‘আটককৃত সব আসামিকে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান চলছে এবং মাদক নির্মূল না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।’

নিজস্ব প্রতিবেদক