চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও রাঁধুনি-রেকিট পণ্যের পরিবেশক জানে আলমের ওপর হামলা চালিয়ে দিনের বিক্রির টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
জানা গেছে, শনিবার রাতে জানে আলম তাঁর ডিস্ট্রিবিউটর অফিস থেকে দিনের বিক্রির টাকা নিয়ে বাসায় ফিরছিলেন। বাসস্ট্যান্ড ইলিশ চত্বরের পশ্চিম পাশে বাসার সামনে হামদর্দ বিল্ডিং এলাকায় পৌঁছালে কয়েকজন ছিনতাইকারী তাঁর ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ।
এ সময় তাঁকে মারধর করে সঙ্গে থাকা দিনের বিক্রির পুরো টাকা ছিনিয়ে নিয়ে হামলাকারীরা পালিয়ে যায় বলে জানা গেছে।
হামলায় জানে আলমের মাথা ফেটে যায় এবং তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা ও পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তিনি নিজ বাসায় ফিরে যান।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় ব্যবসায়ী মহলে উদ্বেগ দেখা দিয়েছে। প্রকাশ্য এলাকায় একজন ব্যবসায়ী নেতার ওপর হামলা ও টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।
তাঁরা বলেন, এ ধরনের ঘটনায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুত জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা।

নিজস্ব প্রতিবেদক