বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)-এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল মান্নান। এর আগে গত ১৭ মে থেকে তিনি পেট্রোবাংলার চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছিলেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল মান্নানকে বদলিপূর্বক প্রেষণে পেট্রোবাংলার চেয়ারম্যান পদে পদায়ন করা হয়েছে। তিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ন্যস্তকৃত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
মো. আব্দুল মান্নান ৬৫৭৫ পরিচিতি নম্বরধারী একজন অতিরিক্ত সচিব। গত ১৭ মে ২০২৬ থেকে তিনি পেট্রোবাংলার চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছিলেন। এবার তাঁকে নিয়মিতভাবে এ পদে প্রেষণে পদায়ন করা হলো।

নিজস্ব প্রতিবেদক