মাদক উদ্ধারে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে আবারও ‘শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ’ হিসেবে বিশেষ পুরস্কারে ভূষিত হয়েছেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম আকাশ।
পুরস্কার প্রাপ্তির পর তিনি চাঁদপুর জেলার পুলিশ সুপার মিজানুর রহমান এবং কচুয়া থানার সব কর্মকর্তা ও সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
তিনি বলেন, এ অর্জন শুধু তাঁর একার নয়; কচুয়া থানার সব কর্মকর্তা ও ফোর্সের সম্মিলিত প্রচেষ্টার ফল। পাশাপাশি মাদক নির্মূলে কচুয়ার সচেতন নাগরিকদেরও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তারা সামাজিক আন্দোলনের অংশ হিসেবে বিভিন্ন মাদকসেবী ও মাদক ব্যবসায়ীকে শনাক্ত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করেছেন।
তিনি আরও বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এটি নির্মূলে শুধু পুলিশের অভিযানই যথেষ্ট নয়, প্রয়োজন সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ ও সহযোগিতা।
মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আসুন, আমরা সবাই মিলে একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলি।”

নিজস্ব প্রতিবেদক