চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কৈয়ারপুলে ১৩ নম্বর অলিপুর ইউনিয়ন পরিষদের প্রস্তাবিত অস্থায়ী কার্যালয় পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনে আল জায়েদ হোসেন। শিগগিরই এ অস্থায়ী কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ইউএনও ইবনে আল জায়েদ হোসেন প্রস্তাবিত কার্যালয়টি পরিদর্শন করেন। এ সময় তিনি কার্যালয়ের সার্বিক অবস্থা, প্রয়োজনীয় প্রস্তুতি ও সংশ্লিষ্ট বিষয়গুলো সম্পর্কে খোঁজখবর নেন।
জানা গেছে, হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক ও চাঁদপুরের জেলা প্রশাসক আনুষ্ঠানিকভাবে ১৩ নম্বর অলিপুর ইউনিয়ন পরিষদের প্রস্তাবিত অস্থায়ী কার্যালয়টির উদ্বোধন করবেন।
ইতোমধ্যে নতুন ইউনিয়ন হিসেবে ১৩ নম্বর অলিপুর ইউনিয়নের গেজেট প্রকাশ হয়েছে। এর ফলে ইউনিয়নটির প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে দুজন কর্মকর্তাকেও নিয়োগ দেওয়া হয়েছে।
কৈয়ারপুল এলাকায় অস্থায়ী কার্যালয় স্থাপনের ফলে নবগঠিত অলিপুর ইউনিয়নের বাসিন্দারা স্থানীয় পর্যায়ে সরকারি বিভিন্ন সেবা আরও সহজে গ্রহণ করতে পারবেন বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
নতুন ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম দ্রুত চালু ও সেবাদান কার্যক্রমকে গতিশীল করতে প্রয়োজনীয় প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

নিজস্ব প্রতিবেদক