প্রকাশের সময়: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ । ১০:১০ এএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সুন্দর চাঁদপুর বিনির্মাণে তোমরাই ভূমিকা রাখবে: শেখ ফরিদ আহমেদ মানিক

অনলাইন ডেস্ক

চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৫৭১ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। চাঁদপুরে প্রথমবারের মতো জেলা শিক্ষা অফিসের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় শহরের মুনিরা ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

তিনি বলেন, “শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। এর পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ধর্মীয় চর্চার সঙ্গে শিক্ষার্থীদের যুক্ত থাকতে হবে।”

শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, চাঁদপুরকে শিক্ষার ক্ষেত্রে ওয়ান স্টপ সার্ভিসে পরিণত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার মান আরও উন্নত করা হবে। চাঁদপুর বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজসহ উচ্চশিক্ষার বিভিন্ন সুযোগকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান চান তোমরা দেশ পরিবর্তনে অংশ নেবে। সুন্দর চাঁদপুর বিনির্মাণে তোমরাই ভূমিকা রাখবে। আগামী দিনে চাঁদপুর থেকেই বিসিএস ক্যাডার, চিকিৎসকসহ বিভিন্ন পেশায় দক্ষ জনশক্তি তৈরি হবে।”

মাদক নির্মূলে শিক্ষার্থীদেরও ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস ও ভূমিদখলকারীদের চাঁদপুরে কোনো জায়গা হবে না। মাদকসংক্রান্ত তথ্য পেলে ৯৯৯-এ ফোন করার পাশাপাশি প্রয়োজনে ছবি বা ভিডিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানোর আহ্বান জানান তিনি।

তিনি বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রথম ধাপে ৫০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে সহায়তা দেওয়া হবে। কোনো শিক্ষার্থীর লেখাপড়া যেন বন্ধ না হয়, সেদিকে সবাইকে নজর রাখতে হবে।

ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও মশারি ব্যবহারের আহ্বান জানিয়ে এমপি বলেন, প্রশাসনের অনুমতি ছাড়া বালু উত্তোলন বা ভরাট করা যাবে না। একই সঙ্গে আগামী এক সপ্তাহের মধ্যে প্রত্যেক শিক্ষার্থীকে দুটি করে গাছ লাগিয়ে তার ছবি পাঠানোর আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ বলেন, “তোমাদের দিকে চেয়ে আছে বাংলাদেশ। তোমরা নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে।”

উচ্চমাধ্যমিকে ভালো ফলাফলের জন্য নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা এবং পড়াশোনায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন তিনি।
শিক্ষার্থীদের মোবাইল ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক করে তিনি বলেন, শিক্ষা কার্যক্রমের বাইরে মোবাইলের অতিরিক্ত ব্যবহার শিক্ষার্থীদের পিছিয়ে দিতে পারে। একই সঙ্গে শিক্ষকদের আন্তরিকতার সঙ্গে পাঠদান এবং শিক্ষার্থীদের ক্লাসে শতভাগ উপস্থিতি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

চাঁদপুর জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম।

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.এন. জামিউল হিকমার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. হারুনুর রশিদ, চান্দ্রা ফাজিল মাদ্রাসার প্রধান শিক্ষক এ টি এম মোস্তফা, লেডি প্রতিমা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদা ইসলাম ও হাইমচর বাজাপ্তি রমণী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান।

কৃতি শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে বক্তব্য দেন জোছনা আক্তার মমতাজ, রতন কুমার বাইন ও রাশেদুল ইসলাম।

শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি ব্যক্ত করেন মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের জান্নাতুল মাইশা, চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের ফাহিম আফরান খান, চাঁদপুর আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের মেহজাবিন ইসলাম, চাঁদপুর ড্যাফোডিল স্কুল অ্যান্ড কলেজের তাজবীর হান্নান, নীলকমল মাদ্রাসার ফারিহা ও হাইমচর চরভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের মেহজাবিন ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী মিরাজুল ইসলাম মাহিন এবং গীতা পাঠ করেন অপরাজিতা।

আলোচনা সভা শেষে সদর ও হাইমচর উপজেলার এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৫৭১ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

প্রিন্ট করুন