চাঁদপুরের শাহরাস্তিতে অনুমোদন ছাড়াই ড্রেজার দিয়ে কৃষিজমির টপসয়েল কাটার অপরাধে মো. জামাল হোসেন (৬০) নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের পুটিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অনুমোদন ছাড়াই ড্রেজার দিয়ে মাটি-বালু উত্তোলনের সত্যতা পাওয়া যায়।
পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারা অনুযায়ী অভিযুক্ত মো. জামাল হোসেনকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
অভিযানে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা এবং উপজেলা আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক