উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে মিরপুর ক্যাডেট মেধা বৃত্তি-২০২৫-এর সনদ ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৪ সেপ্টেম্বর চাঁদপুর শহরের কাজী নজরুল ইসলাম সড়কের রোটারি ক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার মেয়র প্রার্থী আলহাজ্ব মো. মোশাররফ হোসাইন।
তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও সমাজের নেতৃত্ব দেবে। মেধা ও প্রতিভার বিকাশে এ ধরনের বৃত্তি ও সম্মাননা শিক্ষার্থীদের আরও উৎসাহিত করবে।
শিক্ষার্থীদের সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবকদের অক্লান্ত পরিশ্রম রয়েছে। বিশেষ করে মায়েদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের সৎ, মানবিক ও দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।
মোশাররফ হোসাইন বলেন, জীবনে সফল হতে হলে কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও সততার কোনো বিকল্প নেই। ব্যর্থতাকে ভয় না পেয়ে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে হবে। প্রযুক্তির সঠিক ব্যবহার, নিয়মিত বই পড়া ও জ্ঞানচর্চার মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে হবে। আগামী দিনের চাঁদপুর বিনির্মাণে তোমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে—এ প্রত্যাশা করি।
আয়োজকদের প্রশংসা করে তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে মিরপুর ক্যাডেটের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের আয়োজন শুধু শিক্ষার্থীদের উৎসাহিত করে না, সমাজে শিক্ষার প্রতি ইতিবাচক আগ্রহও তৈরি করে। শিক্ষিত ও মানবিক প্রজন্ম গড়ে তুলতে পারলেই একটি সুন্দর, পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য শহর নির্মাণ সম্ভব। শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্যই হবে সমাজ ও দেশের সবচেয়ে বড় অর্জন।
চাঁদপুর পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে তিনি বলেন, বাংলাদেশের সম্ভাবনাময় জেলা শহরগুলোর মধ্যে আমাদের চাঁদপুর অন্যতম। সঠিক নেতৃত্ব, পরিকল্পিত উন্নয়ন ও নাগরিকবান্ধব পরিচর্যার মাধ্যমে চাঁদপুর পৌরসভাকে একটি নান্দনিক, পরিচ্ছন্ন ও আধুনিক শহরে রূপান্তর করা সম্ভব।
আমি এমন একটি চাঁদপুরের স্বপ্ন দেখি, যেখানে মানুষ শান্তিতে বসবাস করবে, নাগরিকরা নিরাপদ থাকবে এবং প্রত্যেকে আধুনিক নাগরিক সুবিধা ভোগ করবে। ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাকে কখনো আপনাদের সেবা করার সুযোগ দেন, তাহলে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব।
মিরপুর ক্যাডেট মেধা বৃত্তি-২০২৫-এর আয়োজক কমিটির আহ্বায়ক দুলাল গোস্বামীর সভাপতিত্বে এবং সাংবাদিক ও লেখক আশিক বিন রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন সিনিয়র শিক্ষক মাসুদুর রহমান, ফারুক আহমেদ বাদল, মাহমুদা খানম, ধ্রুব রাজ বণিক, মাকসুদুল মাওলা, আবুল কালাম আজাদ, মোহাম্মদ হোসাইন ও তানভীর আহমেদ তপুসহ অন্যান্য শিক্ষক।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমন্ত্রিত অতিথি, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং বৃত্তি পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষকদের প্রতি ধন্যবাদ জানান মিরপুর ক্যাডেট চাঁদপুর শাখার পরিচালক মৃদুল কান্তি দাস।
অনুষ্ঠানে মিরপুর ক্যাডেট মেধা বৃত্তি-২০২৫-এ অংশগ্রহণকারী মতলব ও চাঁদপুর সদর উপজেলা শাখার বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের মধ্যে সনদ, সার্টিফিকেট, ক্রেস্ট ও নগদ অর্থ বিতরণ করা হয়। আমন্ত্রিত অতিথিরা শিক্ষার্থীদের হাতে এসব পুরস্কার তুলে দেন। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হয়।
আয়োজনে মোশাররফ ফাউন্ডেশনের পক্ষ থেকেও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নগদ অর্থ প্রদান করা হয়।
এ সময় মিরপুর ক্যাডেট মেধা বৃত্তি-২০২৫-এর সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

মুহাম্মদ বাদশা ভূঁইয়া, চাঁদপুর প্রতিনিধি