প্রকাশের সময়: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ । ৭:৪৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সভা

নিজস্ব প্রতিবেদক

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও মাদক নির্মূলে চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে শাহরাস্তি মডেল থানা পুলিশের উদ্যোগে পৌরসভাধীন বাদিয়া মাহবুবুল হক উচ্চ বিদ্যালয় ও আশপাশের এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের নেতৃত্বে আয়োজিত র‍্যালিতে পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। র‍্যালিতে প্রায় ৩০০ থেকে ৪০০ জন অংশগ্রহণ করেন।
র‍্যালি শেষে বিদ্যালয় প্রাঙ্গণে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় মাদকের ভয়াবহতা, মাদক প্রতিরোধ এবং মাদক ব্যবসার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা থেকে সমাজকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহণে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান তারা।

প্রিন্ট করুন