প্রকাশের সময়: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ । ৯:৫৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ইতালির বিনিয়োগ টানতে চামড়া খাতে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে সম্ভাব্য ইতালি সফর নিয়ে আলোচনা করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ সফরের মাধ্যমে দেশটির ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সঙ্গে বাংলাদেশের চামড়া শিল্পের সম্ভাবনা নিয়ে সরাসরি যোগাযোগ তৈরির বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।

বুধবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রোর সঙ্গে বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠকে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর উপস্থিত ছিলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, সম্ভাব্য ইতালি সফরের অন্যতম লক্ষ্য হবে নতুন বিনিয়োগকারী আকর্ষণ, প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশের চামড়া শিল্পে আন্তর্জাতিক অংশীদারিত্ব সম্প্রসারণ।

বৈঠকে ইতালির রাষ্ট্রদূত বাংলাদেশের চামড়া শিল্পের সক্ষমতা, পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থা ও বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরতে মিলান, ফ্লোরেন্স ও রোম সফরের প্রস্তাব দেন।

রাষ্ট্রদূতের প্রস্তাব অনুযায়ী, মিলানে ব্যবসায়ী সংগঠনের সঙ্গে বৈঠক, ফ্লোরেন্সে টাসকানি অঞ্চলের চামড়া শিল্প এলাকা পরিদর্শন এবং রোমে সরকারি পর্যায়ে আলোচনার মাধ্যমে সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে কার্যকর যোগাযোগ গড়ে তোলার সুযোগ রয়েছে।

বৈঠকে বাংলাদেশের চামড়া শিল্পে আন্তর্জাতিক মানের সার্টিফিকেশন, পরিবেশ ব্যবস্থাপনা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। ইতালির রাষ্ট্রদূত বলেন, এসব ক্ষেত্রে অগ্রগতি হলে দুই দেশের কোম্পানির মধ্যে পারস্পরিক লাভজনক অংশীদারিত্ব আরও বাড়ানো সম্ভব হবে।

এ ছাড়া সাভার চামড়া শিল্প নগরীর বর্জ্য ব্যবস্থাপনাও বৈঠকে গুরুত্ব পায়। বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, বড় কারখানাগুলোকে নিজস্ব বর্জ্য ব্যবস্থাপনা সুবিধা গড়ে তুলতে উৎসাহিত করা হবে। একই সঙ্গে ছোট কারখানাগুলোর জন্য কেন্দ্রীয় বর্জ্য ব্যবস্থাপনা সুবিধা বজায় রাখা হবে। শিল্পবর্জ্য পুনর্ব্যবহারের বিষয়েও পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানানো হয়।

বৈঠকে বাংলাদেশে ইতালি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নিবন্ধন প্রক্রিয়া নিয়েও আলোচনা হয়।

বৈঠক শেষে বাংলাদেশ ও ইতালির মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও শিল্প সহযোগিতা আরও জোরদারের বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে।

প্রিন্ট করুন