রাজধানীর বনশ্রীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তাসপিয়া আহমেদ তিসা (৩১) নামে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষিকা নিহত হয়েছেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বনশ্রী জি-ব্লক মেইন রোডের ফরাজী হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাসপিয়া আহমেদ তিসা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আফতাবনগর শাখার শিক্ষক ছিলেন। তিনি চাঁদপুরের বিশিষ্ট রোটারিয়ান ও চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের সাবেক সভাপতি সফিউদ্দিন আহমেদের মেয়ে। তার গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার প্রফেসর পাড়ায়। তিনি পরিবার নিয়ে রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়া নোয়াপাড়ায় বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে মোটরসাইকেলে করে যাওয়ার সময় তিসা আচমকা পেছনের দিকে রাস্তায় পড়ে যান। এ সময় পেছন থেকে আসা ‘রমজান পরিবহন’-এর একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) অনয় চন্দ্র পাল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা নেয়। দুর্ঘটনায় জড়িত রমজান পরিবহনের বাসসহ দুটি বাস জব্দ করা হয়েছে। একই সঙ্গে বাস দুটির চালক ও হেলপারকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
তরুণ এই শিক্ষিকার আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে চাঁদপুরের প্রফেসর পাড়ার গ্রামের বাড়িতেও নেমে এসেছে শোকের আবহ। বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক