চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী অভিযানে মো. সাকিব পাটোয়ারী (২৮) নামে এক যুবককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) শাহরাস্তি পৌর এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ও শাহরাস্তি মডেল থানা পুলিশের সহযোগিতায় এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে মাদক সেবনের অভিযোগে পূর্ব উপলতা গ্রামের সেলিম পাটোয়ারীর ছেলে মো. সাকিব পাটোয়ারীকে আটক করা হয়।
পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা খাতুন। আদালত মাদক সেবনের দায়ে সাকিব পাটোয়ারীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
অভিযানকালে শাহরাস্তি মডেল থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় এলাকাবাসীকে মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিজস্ব প্রতিবেদক