চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় নিখোঁজের চারদিন পর ফসলি জমি থেকে রিকাবি বেগম (১০৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে মতলব পৌরসভার উত্তর বাইশপুর এলাকায় ধনাগোদা নদীর পূর্ব পাশে একটি ফসলি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রিকাবি বেগম মতলব পৌরসভার চরমুকুন্দি এলাকার সওদাগর বাড়ির মৃত আমির আলী সওদাগরের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৪টার দিকে রিকাবি বেগম বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। পরিবারের সদস্যরা গত চারদিন ধরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। তার সন্ধানে পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন স্থানে মাইকিংও করা হয়।
শনিবার সকালে স্থানীয় এক নারী বাড়ির ময়লা পানি ফেলতে গিয়ে ফসলি জমিতে একটি মরদেহ ভাসতে দেখেন। পরে তিনি ডাক-চিৎকার করলে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহতের ছেলে মো. বাচ্চু মিয়া সওদাগর বলেন, তার মা মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং চোখেও কম দেখতেন। এর আগেও কয়েকবার তিনি বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলেন। নিখোঁজের পর গত চারদিন ধরে পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন স্থানে খুঁজছিলেন।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

নিজস্ব প্রতিবেদক