প্রকাশের সময়: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ । ২:৪১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে প্রবাসীর স্ত্রীকে নিয়ে এনসিপি নেতার চলে যাওয়ার অভিযোগ

শাহরাস্তি প্রতিনিধি

চাঁদপুরের শাহরাস্তিতে বাহরাইনপ্রবাসী এক ব্যক্তির স্ত্রীকে সঙ্গে নিয়ে শেখ রহমত উল্লাহ নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বাড়ি থেকে চলে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিখোঁজ দুজনের সন্ধান ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা চেয়ে শাহরাস্তি মডেল থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

শেখ রহমত উল্লাহ শাহরাস্তি পৌরসভা এনসিপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন বলে স্থানীয় দলীয় সূত্রে জানা গেছে। সাম্প্রতিক স্থানীয় রাজনৈতিক কর্মসূচিতেও তাকে পৌর শাখার আহ্বায়ক হিসেবে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে বাহরাইনপ্রবাসী ইব্রাহিম খলিলের স্ত্রী মরিয়ম বেগমকে সঙ্গে নিয়ে তার দেবর শেখ রহমত উল্লাহ বাড়ি থেকে চলে যান। বিষয়টি জানাজানি হলে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তাদের খোঁজ শুরু করেন।

অভিযোগে বলা হয়েছে, বাড়ি থেকে চলে যাওয়ার পর থেকে রহমত উল্লাহ ও মরিয়ম বেগম দুজনেরই মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

রোববার সকালে রহমত উল্লাহর স্ত্রী, ইব্রাহিম খলিলের দুই সন্তানসহ পরিবারের সদস্যরা শাহরাস্তি থানায় যান। এ সময় তারা নিখোঁজ দুজনের সন্ধান এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

ইব্রাহিম খলিলের ভগ্নিপতি জাহাঙ্গীর আলম অভিযোগ করে বলেন, শেখ রহমত উল্লাহ ও মরিয়ম বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল বলে তারা জানতে পারেন। বিষয়টি পরিবারের নজরে আসার পর ইব্রাহিম খলিলকে জানানো হয়। পরে পারিবারিকভাবে বিষয়টি জানাজানি হলে শনিবার রাতে তারা বাড়ি থেকে চলে যান।

এদিকে মরিয়ম বেগমের দুই মেয়ে ফাতেহা জাহান (১০) ও ফারহান জাহান (৬) পরিবারের সদস্যদের সঙ্গে থানায় আসে। তারা মায়ের সন্ধানের জন্য থানায় এসেছে বলে জানায়।
মরিয়ম বেগমের শ্বশুর হারুনুর রশিদ বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে তিনি দাবি করেন, তার ছেলের স্ত্রী বাড়ি থেকে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ নিয়ে চলে গেছেন।

অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্তে নেমেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, “এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

তবে শেখ রহমত উল্লাহ ও মরিয়ম বেগমের বর্তমান অবস্থান এবং এ বিষয়ে তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রিন্ট করুন