প্রকাশের সময়: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ । ৬:৫৯ এএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তির মেহের ডিগ্রি কলেজ সরকারি করার প্রক্রিয়া শুরু

নিজস্ব প্রতিবেদক

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মেহের ডিগ্রি কলেজ সরকারি করার প্রক্রিয়া শুরু হয়েছে। এরই অংশ হিসেবে কলেজটির স্থাবর-অস্থাবর সম্পত্তি সরকারের নামে হস্তান্তরের লক্ষ্যে রেজিস্ট্রিকৃত দানপত্র দলিল (Deed of Gift) সম্পাদনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি কলেজ-৬ শাখা থেকে গত ১৬ সেপ্টেম্বর ২০২৬ এ সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়। সিনিয়র সহকারী সচিব মনজুরুল আলম স্বাক্ষরিত ওই চিঠিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, বেসরকারি কলেজ সরকারি করার প্রক্রিয়ার অংশ হিসেবে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মেহের ডিগ্রি কলেজের স্থাবর-অস্থাবর সম্পত্তি সরকার—সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়—এর নামে হস্তান্তরের লক্ষ্যে রেজিস্ট্রিকৃত দানপত্র দলিল সম্পাদন করতে হবে।

একই সঙ্গে সম্পাদিত দলিলের একটি কপি শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগে পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।
এ বিষয়ে অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা-৩ শাখার ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখের স্মারকের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের চিঠির অনুলিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, চাঁদপুরের জেলা প্রশাসক এবং মেহের ডিগ্রি কলেজের অধ্যক্ষের কাছে পাঠানো হয়েছে।
দীর্ঘদিন ধরে মেহের ডিগ্রি কলেজ সরকারি করার দাবি জানিয়ে আসছেন স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।

শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ নির্দেশনার ফলে কলেজটি সরকারি করার প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়েছে বলে মনে করছেন শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী।

প্রিন্ট করুন