নৈতিক স্খলনের অভিযোগ ওঠায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাহরাস্তি পৌর আহ্বায়ক শেখ রহমত উল্লাহর সব সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। পরবর্তী তদন্তের ভিত্তিতে তার বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে এনসিপি চাঁদপুর জেলা আহ্বায়ক কমিটি।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় এনসিপি চাঁদপুর জেলা আহ্বায়ক কমিটির পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়। জেলা সাংগঠনিক সম্পাদক (দপ্তর) অধ্যাপক মো. মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, শাহরাস্তি পৌর এনসিপির আহ্বায়ক শেখ রহমত উল্লাহর বিরুদ্ধে নৈতিক স্খলনের গুরুতর অভিযোগ ওঠায় তাৎক্ষণিক সিদ্ধান্ত অনুযায়ী তার সব সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, জেলা আহ্বায়ক মাহবুবুল আলম ও সদস্যসচিব আমন উল্লাহ পাটোয়ারীর নির্দেশক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্প্রতি এক নারীকে নিয়ে চলে যাওয়ার অভিযোগে শেখ রহমত উল্লাহর বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় লিখিত অভিযোগ করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
তবে অভিযোগের বিষয়ে শেখ রহমত উল্লাহর বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্তের পর অভিযোগের সত্যতা ও তার বিরুদ্ধে পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

নিজস্ব প্রতিবেদক