চাঁদপুরের শাহরাস্তিতে অনুমোদন ছাড়াই ড্রেজার দিয়ে কৃষিজমির মাটি ও বালু উত্তোলনের দায়ে মো. রাজু (২২) গংকে ২ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে তিনটি ড্রেজার অকেজো করা হয়েছে এবং অবৈধ মাটি উত্তোলনে ব্যবহৃত প্রায় দেড় হাজার ফুট পাইপ বিনষ্ট করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান।
অভিযান সূত্রে জানা যায়, চিতোষী পশ্চিম ইউনিয়নের বিভিন্ন এলাকায় অনুমোদন ছাড়াই ড্রেজারের মাধ্যমে কৃষিজমি থেকে মাটি ও বালু উত্তোলন করা হচ্ছিল। অভিযানকালে এর সত্যতা পাওয়ায় রায়শ্রী উত্তর গ্রামের মো. রাজু (২২) গংকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
এ ছাড়া মনোহরপুর এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনে ব্যবহৃত তিনটি ড্রেজার অকেজো করা হয়। একই সঙ্গে নরিংপুর এলাকা থেকে মাটি উত্তোলনের কাজে ব্যবহৃত প্রায় ১ হাজার ৫০০ ফুট পাইপ বিনষ্ট করা হয়েছে।
অভিযানে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসের দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা, উপজেলা আনসার সদস্য ও গ্রামপুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক