প্রকাশের সময়: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ । ২:৪৬ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

কবিতা, আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনায় চাঁদপুর সাহিত্য একাডেমির ১৬তম আড্ডা

নিজস্ব প্রতিবেদক

কবিতা আবৃত্তি, সাহিত্যবিষয়ক আলোচনা, নজরুলসংগীত, পুঁথিপাঠ ও বাউলগানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে চাঁদপুর সাহিত্য একাডেমির ১৬তম সাহিত্য আড্ডা।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় চাঁদপুর জোড়পুকুরপাড়স্থ মোহাম্মদ নাসিরুদ্দীন মিলনায়তনে এ আড্ডা অনুষ্ঠিত হয়।

আড্ডায় উপস্থাপনা ও সঞ্চালনা করেন সুমন কুমার দত্ত। শুরুতে সাহিত্য একাডেমির পরিচালক ও গবেষক মুহাম্মদ ফরিদ হাসান আনুষ্ঠানিকতা সম্পন্ন করে উপস্থিত সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

আড্ডায় কবিতা ও ছড়া পাঠ করেন তানজিল কোতোয়ালি, আনিসুর রহমান, সোলাইমান তালহা, ইয়াসিন দেওয়ান, কাজী রাসেল, ফয়সাল মৃধা, মোখলেসুর রহমান ভূঁইয়া, কবির হোসেন মিজি, তাশফিয়া কাফিসহ অনেকে। ইয়াসিন দেওয়ান ‘স্মৃতির স্লোগান’ থেকে কবিতা পাঠ করেন। ফয়সাল মৃধা পাঠ করেন ‘শৈবাল’ কবিতা।

সাহিত্যবিষয়ক আলোচনায় ‘লেখালেখি শুরুর গল্প’ নিয়ে আলোচনা করেন মোহাম্মদ হানিফ। অনুপ্রেরণা পান্ডুলিপি পুরস্কারজয়ী কবি ও সাহিত্যিক শাদমান শরীফ ‘লাল রঙের নামতা’ কবিতা পাঠ করেন। ‘সাহিত্য পাতা সম্পাদনা’ বিষয়ে আলোচনা করেন আরিফুল ইসলাম শান্ত। এ ছাড়া সাহিত্য আড্ডারু খোদেজা মাহবুব বক্তব্য দেন।

আড্ডায় ‘নজরুল বিষয়ক বই’ নিয়ে আলোচনা করেন প্রাবন্ধিক ও সাংবাদিক আব্দুল গনি। ‘চাঁদপুরের সাহিত্যচর্চায় নারী’ বিষয়ে আলোচনা করেন নুরুন্নাহার মুন্নি। ‘চাঁদপুরের ছোট কাগজ প্রকাশ’ নিয়ে আলোচনা করেন কবি ও সাংবাদিক আশিক বিন রহিম।

‘লেখক সম্মাননা’ বিষয়ে আলোচনা করেন সাহিত্য একাডেমি চাঁদপুরের পরিচালক (সাহিত্য ও প্রকাশনা) মাঈনুল ইসলাম মানিক। হাজীগঞ্জ মডেল পাইলট কলেজের সহকারী অধ্যাপক মালেকা ফারবিনও অনুষ্ঠানে বক্তব্য দেন।

সাহিত্য একাডেমি চাঁদপুরের সহ-সভাপতি আব্দুল্লাহহিল কাফী উপস্থিত সবাইকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য দেন এবং নিজের জন্য দোয়া কামনা করেন।

সাহিত্য একাডেমি চাঁদপুরের মহাপরিচালক কাদের পলাশ বলেন, “বিগত দিনের তুলনায় আজকের আড্ডা অত্যন্ত চমৎকার হয়েছে। সাহিত্য একাডেমি ভবিষ্যতে আরও বড় পরিসর তৈরি করবে।” তিনি নিয়মিত সাহিত্য আড্ডায় সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান এবং সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

অনুষ্ঠানের শেষপর্বে তিনজন সেরা আড্ডারুসহ নতুন অতিথিদের পুরস্কার প্রদান করা হয়। পরে খোকন মজুমদার নজরুলসংগীত পরিবেশন করেন। সবশেষে জনপ্রিয় পুঁথিপাঠ ও বাউলগানের মধ্য দিয়ে শেষ হয় চাঁদপুর সাহিত্য একাডেমির ১৬তম সাহিত্য আড্ডা।

প্রিন্ট করুন