প্রকাশের সময়: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ । ৫:৪১ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে আহত ৩ রোগী

নিজস্ব প্রতিবেদক

চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের ছাদের পলেস্তারা খসে পড়ে তিনজন রোগী আহত হয়েছেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালের দ্বিতীয় তলায় পুরুষ ওয়ার্ডের সার্জারি বিভাগের ছাদের একটি অংশ হঠাৎ খসে পড়লে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন—রফিকুল ইসলাম (৭০), আকতার হোসেন (৮০) ও আবুল খায়ের (৪৫)। তাদের মধ্যে আবুল খায়ের গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ আহতদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে।

হাসপাতাল সূত্রে জানা যায়, ভবনটি পুরোনো হওয়ায় এর আগেও শিশু ওয়ার্ডসহ বিভিন্ন স্থানে ছাদের পলেস্তারা খসে পড়ার ঘটনা ঘটেছে। সর্বশেষ ঘটনায় পুরুষ ওয়ার্ডের রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। তারা ঝুঁকিপূর্ণ স্থানের দ্রুত সংস্কারসহ স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।

খবর পেয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহবুবুর রহমান তাৎক্ষণিকভাবে ওয়ার্ডটি পরিদর্শন করেন এবং আহত রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করেন।
তিনি জানান, হাসপাতালটির ধারণক্ষমতা ২৫০ শয্যা হলেও বর্তমানে সেখানে প্রায় ৬০০ রোগী চিকিৎসাধীন রয়েছেন।

অতিরিক্ত রোগীর চাপ পুরো অবকাঠামোর ওপর চাপ সৃষ্টি করছে। নতুন ভবন নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আগেই আবেদন করা হয়েছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় মেরামতের কাজ করা হচ্ছে।

প্রিন্ট করুন