প্রকাশের সময়: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬ । ৩:৫০ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

মতলব ব্রিজের পাশে পিকআপের ধাক্কায় প্রাণ গেল ১৮ বছর বয়সী যুবকের

নিজস্ব প্রতিবেদক

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় পিকআপের ধাক্কায় অহিদুল ইসলাম (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মতলব সেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত অহিদুল ইসলাম মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ঘনিয়ারপাড় গ্রামের মাহবুবুর রহমান মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ইঞ্জিনচালিত ভ্যানে করে ডিম নিয়ে মতলব সেতু পার হয়ে বাজারের দিকে যাচ্ছিলেন অহিদুল। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি পিকআপ ভ্যানটিকে ধাক্কা দেয়।

এতে ভ্যানের চালকের পাশে বসে থাকা অহিদুল ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর পিকআপটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পরে স্থানীয় পথচারীরা তাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকরা।

অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ৮টার দিকে মতলব উত্তর উপজেলার শ্রীরায়েরচর বাংলা বাজার এলাকায় তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার সময় ঘটনাস্থলে লোকজন কম থাকায় পিকআপচালক দ্রুত পালিয়ে যান।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান মানিক জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। পিকআপটি শনাক্ত ও আটকের বিষয়ে কার্যক্রম চলছে।

প্রিন্ট করুন