চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক অসুস্থ হয়ে যুক্তরাজ্যের লন্ডনে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য বর্তমানে তিনি সেখানে অবস্থান করছেন।
চাঁদপুর জেলা বিএনপির দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তাঁর অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন।
বার্তায় প্রবীণ এই রাজনৈতিক নেতার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় চাঁদপুরবাসী, বিএনপির নেতা-কর্মীসহ দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
এদিকে তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে চাঁদপুর ও হাইমচরের নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। তাঁর সুস্থতা কামনায় বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও দলীয় কার্যালয়ে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হচ্ছে বলে জানা গেছে।
অন্যদিকে, শেখ ফরিদ আহমেদ মানিকের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী। তিনি তাঁর সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

নিজস্ব প্রতিবেদক