চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার আহমদনগর এলাকায় এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় মাদক সেবনের অভিযোগে মো. সোহেল (২৪) ও আহাম্মদ উল্লাহ আরিফ (২৬) নামে দুজনকে আটক করা হয়।
দণ্ডপ্রাপ্ত মো. সোহেল কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার চৌরাইস এলাকার বাচ্চু মিয়ার ছেলে। অপরজন আহাম্মদ উল্লাহ আরিফ শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের শিবপুর গ্রামের জাফর আহমেদের ছেলে।
আটকের পর ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান। মাদক সেবনের অপরাধে আদালত তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
অভিযানে খিলা পুলিশ ফাঁড়ির সদস্যদের পাশাপাশি শাহরাস্তি থানার সাব-ইন্সপেক্টর মো. রায়হানসহ পুলিশের একটি দল সহযোগিতা করে।
অভিযান চলাকালে এলাকাবাসীকে মাদকসেবীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিজস্ব প্রতিবেদক