প্রকাশের সময়: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ । ১২:১৬ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে সড়কের ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক পিলার সরাতে জেলা প্রশাসকের সঙ্গে ব্যবসায়ীদের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক

চাঁদপুরের হাজীগঞ্জ বাজার ও বলাখাল বাজার এলাকায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের ওপর ঝুঁকিপূর্ণ অবস্থানে থাকা বৈদ্যুতিক পিলারগুলো নিরাপদ দূরত্বে স্থানান্তরের বিষয়ে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় করেছেন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।

রোববার (৪ অক্টোবর) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বাজার এলাকার সড়ক নিরাপত্তা, যানবাহন ও পথচারী চলাচলে প্রতিবন্ধকতা এবং মহাসড়কের ওপর থাকা ৪২টি বৈদ্যুতিক পিলার নিরাপদ স্থানে স্থানান্তরের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. শাহাব উদ্দিনের নেতৃত্বে সভায় উপস্থিত ছিলেন সমিতির দপ্তর সম্পাদক মোহাম্মদ হাবীব উল্যাহ, শিল্পবিষয়ক সম্পাদক হাফেজ তানভীর হোসেন, বাণিজ্য সম্পাদক মো. আশ্রাফ আলী এবং ওয়ার্ড কমিশনার মো. হাছান ও মো. শাহাদাত হোসেন মিশু।

সভায় জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বিষয়টির গুরুত্ব বিবেচনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান। তিনি বলেন, লক্ষ্মীপুরে সড়ক থেকে বৈদ্যুতিক পিলার সরানো নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছিল, সেটির সমাধান হয়েছে। সেখানে কীভাবে বিষয়টির সমাধান করা হয়েছে, সে বিষয়ে তথ্য নেওয়া হচ্ছে। আশা করা যায়, দ্রুত একটি সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে।

ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ জানান, গুরুত্বপূর্ণ ও ব্যস্ত এ আঞ্চলিক মহাসড়কের ওপর বৈদ্যুতিক পিলার থাকায় যানবাহন ও পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এতে প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। পাশাপাশি উচ্চ সঞ্চালন লাইনের কারণে বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির ঝুঁকিও রয়েছে।

জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সড়কের ওপর থাকা বৈদ্যুতিক পিলারগুলো দ্রুত নিরাপদ দূরত্বে স্থানান্তরের দাবি জানান তারা।

প্রিন্ট করুন