আসন্ন চাঁদপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে দলীয় মনোনয়ন পেতে ২৫ জন প্রার্থী ফরম জমা দিয়েছেন।
শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে চাঁদপুর শহরের পৌর সুপার মার্কেটের তৃতীয় তলায় বিপণীবাগ ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থীরা দলীয় মনোনয়নের জন্য এসব ফরম জমা দেন। এ সময় বিএনপির নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দলীয় সূত্রে জানা গেছে, জমা দেওয়া ফরম যাচাই-বাছাইয়ের পর দলীয়ভাবে একজনকে ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হবে।
ফরম বিতরণ ও জমাদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর হোসেন মৃধা। অনুষ্ঠান পরিচালনা করেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল খায়ের।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-সাধারণ সম্পাদক সালমান শেখ। এ ছাড়া জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক কামরুল ইসলাম যুগলু, জেলা বিএনপির সদস্য সচিব আরফিন খান, জেলা কৃষক দলের সম্পাদক কফিল মাঝি, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা ছাত্রদলের সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক