প্রকাশের সময়: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬ । ৫:০৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

চাপাতলী লতিফিয়া ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত

কচুয়া প্রতিনিধি

চাঁদপুরের কচুয়া উপজেলার চাপাতলী লতিফিয়া ফাজিল মাদ্রাসার নবগঠিত গভর্নিং বডির সভাপতি মনোনীত হয়েছেন রহিমানগর ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ ও বিশিষ্ট শিক্ষাবিদ হুমায়ুন কবির। একই কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মাসনিগাছা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আমিন উল্যাহ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল তিনটায় মাদ্রাসার শিক্ষক মিলনায়তনে নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গভর্নিং বডির সভাপতি হুমায়ুন কবির। সভা পরিচালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ মো. মনিরুল ইসলাম মজুমদার।

পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। শুরুতে স্বাগত বক্তব্য দেন সভাপতি হুমায়ুন কবির। তাঁকে সভাপতি মনোনীত করায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট নাজমুন্নাহার বেবীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এ সময় চাপাতলী মাদ্রাসাসহ কচুয়ার সার্বিক উন্নয়নে তাঁদের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

সভায় মাদ্রাসার নবগঠিত গভর্নিং বডির সদস্যরা পরস্পরের সঙ্গে পরিচিত হন। পরে মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি, ইভ টিজিং প্রতিরোধ এবং কিশোর গ্যাংয়ের অপতৎপরতা দমনে করণীয় নিয়ে আলোচনা হয়।

সভায় বক্তব্য দেন গভর্নিং বডির সহ-সভাপতি মো. আমিন উল্যাহ, প্রতিষ্ঠাতা সদস্য ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা আবদুল হাই, চিকিৎসক ডা. রেফায়েত উল্লাহ, সদস্য মোতাহের হোসেন, মাসুদ আলম, কবির হোসেন লিটন ও ফারুক হোসেন।

নবগঠিত গভর্নিং বডিতে দায়িত্ব পাওয়া সভাপতি ও সহ-সভাপতি সহ সব সদস্যকে মাদ্রাসা পরিবার এবং এলাকাবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়। অভিনন্দন জানানো হয়েছে প্রতিষ্ঠাতা সদস্য মাওলানা আবদুল হাই, শিক্ষানুরাগী সদস্য মোতাহের হোসেন মামুন, সাইফুল ইসলাম রাসেলসহ কমিটির দাতা, অভিভাবক, শিক্ষক প্রতিনিধি ও অন্যান্য সদস্যদের।

সভা শেষে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন সভাপতি হুমায়ুন কবির।

প্রিন্ট করুন