প্রকাশের সময়: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ । ৯:০৬ এএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

কিশোর অপরাধ রোধে শাহরাস্তি পুলিশের অভিযান, আটক ১৭

নিজস্ব প্রতিবেদক

চাঁদপুরের শাহরাস্তিতে রাতের বেলায় অযাচিত ও উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করার অভিযোগে ১৭ কিশোরকে আটক করেছে থানা পুলিশ। পরে তাদের বিরুদ্ধে থানার রেকর্ডপত্র ও সিডিএমএস যাচাই করে বিরূপ কোনো তথ্য না পাওয়ায় সংশোধনের সুযোগ দিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

শনিবার (১০ অক্টোবর) রাতে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

পুলিশ সূত্রে জানা যায়, আটক কিশোরদের জিজ্ঞাসাবাদে রাতে ঘোরাফেরার বিষয়ে সন্তোষজনক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। পরে তাদের অভিভাবকদের থানায় ডেকে আনা হয়। অভিভাবকেরা ভবিষ্যতে সন্তানদের পড়াশোনার প্রতি মনোযোগী রাখা এবং রাতের বেলায় অযাচিতভাবে ঘোরাফেরা থেকে বিরত রাখার বিষয়ে আশ্বস্ত করলে পুলিশ তাদের সতর্ক থাকার পরামর্শ দেয়।

পুলিশ জানায়, কিশোরদের মাদক, অনলাইন জুয়া, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং অপরাধপ্রবণতা প্রতিরোধের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে। আটক কিশোরদের বিরুদ্ধে প্রাথমিকভাবে কোনো বিরূপ তথ্য না পাওয়ায় প্রথমবারের মতো সংশোধনের সুযোগ দিয়ে অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করা হয়।

কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ। পাশাপাশি শাহরাস্তি থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

প্রিন্ট করুন