চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর লঞ্চ টার্মিনালের কাছে যাত্রীবাহী লঞ্চ এমভি নড়িয়া-২-এর সঙ্গে একটি বালুবাহী বাল্কহেডের ধাক্কা লেগেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। এতে লঞ্চে থাকা ৬০ থেকে ৭০ জন যাত্রীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় হতাহতের বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী মোহাম্মদ রাজিব সৈয়াল জানান, মোহনপুর ঘাটে যাত্রী ওঠানোর জন্য লঞ্চটি ভেড়ানোর সময় বালুবাহী বাল্কহেডের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এ সময় বিকট শব্দ হলে লঞ্চের যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। তিনি ঘটনাটি মুঠোফোনে ধারণ করেন।
লঞ্চটির মাস্টার ফয়েজ পাটোয়ারী বলেন, মোহনপুর ঘাটে ভেড়ানোর সময় বাল্কহেডের সঙ্গে ধাক্কা লাগে। তবে লঞ্চটির তেমন কোনো ক্ষতি হয়নি। তাঁরা নিরাপদে গন্তব্যে পৌঁছেছেন।
মোহনপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রুহুল আমিন বলেন, ঘটনাটি তাঁর জানা নেই। খোঁজখবর নিয়ে দেখবেন।
এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চাঁদপুরের উপপরিচালক (ট্রাফিক) বাবু লাল বৈদ্য বলেন, লঞ্চের সঙ্গে বাল্কহেডের ধাক্কার বিষয়ে তাঁকে কেউ জানাননি। এমভি নড়িয়া-২ লঞ্চটির রুট পারমিট রয়েছে। এটি নারায়ণগঞ্জ-নড়িয়া রুটে চলাচল করে, চাঁদপুর ঘাটে আসে না বলে জানান তিনি।

নিজস্ব প্রতিবেদক