চাঁদপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের মঠখোলায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিনা মূল্যে চিকিৎসাসেবা পেয়েছেন দুই শতাধিক নারী-পুরুষ। মঠখোলা সার্বজনীন দুর্গোৎসব উদযাপন পরিষদের উদ্যোগে এবং ফাস্ট এইড ল্যাব অ্যান্ড ডক্টরস পয়েন্টের সৌজন্যে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত এ ক্যাম্পে স্থানীয় বাসিন্দাদের বিনা মূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়। এ সময় ডায়াবেটিস ও রক্তচাপ পরিমাপসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. সৌরভ গাইন।
মঠখোলা সার্বজনীন দুর্গোৎসব উদযাপন পরিষদের সভাপতি ব্রজ গোপাল আচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ডা. সৌরভ গাইন। তিনি বলেন, মঠখোলা সার্বজনীন দুর্গোৎসব উদযাপন পরিষদের এ উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। মানবতার কল্যাণে এ ধরনের উদ্যোগ জরুরি। তিনি আশা প্রকাশ করেন, সংগঠনটি ভবিষ্যতেও বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মঠখোলা সার্বজনীন দুর্গোৎসব উদযাপন পরিষদের উপদেষ্টা অনিল আচার্য, ননী গোপাল আচার্য ও প্রাণ গোপাল আচার্য; সাধারণ সম্পাদক সঞ্জয় পাল; যুগ্ম সাধারণ সম্পাদক ও ফাস্ট এইড ল্যাব অ্যান্ড ডক্টরস পয়েন্টের পরিচালক শ্যামল আচার্য; কমল আচার্য, সাগর আচার্য, কোষাধ্যক্ষ সুব্রত আচার্য, সহসাংগঠনিক সম্পাদক তপন আচার্য, পিয়াস আচার্য, সদস্য রতন রায়, সৈকত আচার্য, রাহুল আচার্য, দ্বীপ আচার্য, তীর্থ আচার্য ও শিশির আচার্যসহ অন্যরা।
বিনা মূল্যে ডায়াবেটিস ও রক্তচাপ পরিমাপসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা এ ধরনের মানবিক উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

নিজস্ব প্রতিবেদক