পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) অস্থায়ী সদস্যপদ পেয়েছেন জাতীয় গণমাধ্যম ঢাকা মেইলের নিজস্ব প্রতিবেদক মহিউদ্দিন রাব্বানী। তিনি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার কৃতী সন্তান।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে রাজধানীর ডিআরইউ কার্যালয়ে আয়োজিত এক বরণ অনুষ্ঠানের মাধ্যমে নতুন সদস্যদের স্বাগত জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও ডিআরইউর সাবেক সাধারণ সম্পাদক এ এ এম ছালেহ শিবলী।
ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলসহ কার্যনির্বাহী কমিটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
ডিআরইউ সূত্রে জানা যায়, সংগঠনটির গঠিত বাছাই কমিটির সুপারিশের ভিত্তিতে গত ৮ অক্টোবর অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সভায় গঠনতন্ত্রের ৩(২)(ক) ধারা অনুযায়ী ৪০ জন সাংবাদিককে অস্থায়ী সদস্যপদ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রায় ৪০০ আবেদনের বিপরীতে নানা যাচাই-বাছাই শেষে এই ৪০ জনকে মনোনীত করেছে বাছাই কমিটি। পরে কার্যনির্বাহী কমিটি তা অনুমোদন করে।
মহিউদ্দিন রাব্বানী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। ছোটবেলা থেকেই পত্রপত্রিকা পড়া ও লেখালেখির প্রতি তার আগ্রহ ছিল। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত হন। বর্তমানে তিনি ঢাকা মেইলের নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত রয়েছেন।
এর আগে তিনি দৈনিক সংবাদ, দৈনিক আমার সংবাদ, দৈনিক সবুজ বাংলা ও দৈনিক বাণিজ্য প্রতিদিনসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। তার লেখালেখির অন্যতম বিষয় অর্থনীতি, বাণিজ্য ও জ্বালানি খাত। এসব বিষয়ে নিয়মিত সংবাদ ও প্রতিবেদন তৈরির মাধ্যমে তিনি পেশাগত দায়িত্ব পালন করে আসছেন।
ডিআরইউর অস্থায়ী সদস্যপদ পাওয়ায় মহিউদ্দিন রাব্বানী সংগঠনটির কার্যনির্বাহী কমিটির নেতাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
ডিআরইউ দেশের পেশাদার সাংবাদিকদের অন্যতম বৃহৎ সংগঠন। সংগঠনটির সদস্যপদ সাংবাদিকদের মধ্যে পেশাগত যোগাযোগ, পারস্পরিক সহযোগিতা ও সাংবাদিকতার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

নিজস্ব প্রতিবেদক