মা ইলিশ রক্ষায় চলমান নিষেধাজ্ঞা বাস্তবায়নে চাঁদপুরের মেঘনা নদীতে অভিযান চালিয়েছেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। এ সময় জেলেদের সচেতন করার পাশাপাশি মাছ ধরার প্রস্তুতিকালে নৌকা ও জাল জব্দ করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
রোববার (১৮ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে কি না এবং প্রশাসন কীভাবে অভিযান পরিচালনা করছে, তা সরেজমিনে পর্যবেক্ষণ করেছেন তিনি। অল্প কিছু জেলে নদীতে মাছ ধরতে নামার চেষ্টা করলেও প্রশাসন তাঁদের প্রতিহত করছে বলে জানান তিনি।
সংসদ সদস্য বলেন, ইলিশের উৎপাদন বৃদ্ধি, প্রজনন নির্বিঘ্ন রাখা এবং দেশের মৎস্যসম্পদ সংরক্ষণে মা ইলিশ রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য সবাইকে আইন মেনে চলতে হবে। নিষেধাজ্ঞা কার্যকরে প্রশাসনের পাশাপাশি জেলেদেরও সহযোগিতা করতে হবে।
জেলেদের সরকারি খাদ্যসহায়তা প্রসঙ্গে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, জেলেরা যাতে তাঁদের প্রাপ্য খাদ্যসহায়তার চাল পুরোপুরি পান, সে বিষয়ে তিনি নজর রাখছেন। যাঁরা এখনো চাল পাননি, তাঁদের বিষয়টি সমন্বয়ের মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে। জেলেরা যাতে যথাযথভাবে সরকারি সহায়তা পান, সে জন্য তাঁদের খোঁজখবর রাখা হচ্ছে।
নিষেধাজ্ঞার সময়ে জীবিকা নিয়ে কোনো সমস্যা দেখা দিলে তাঁর সঙ্গে যোগাযোগ করার জন্য জেলেদের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় জেলেদের উদ্দেশে তিনি বলেন, তাঁদের যেকোনো প্রয়োজনে তাঁর দরজা সব সময় খোলা থাকবে।

নিজস্ব প্রতিবেদক