চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের একটি শাখার আবাসিক কক্ষে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এতে প্রায় দুই লাখ টাকার আসবাবপত্র, কাপড়চোপড় ও অন্যান্য মালামাল পুড়ে গেছে। তবে ব্যাংকের গুরুত্বপূর্ণ কোনো কাগজপত্রের ক্ষতি হয়নি।
শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বাগাদী ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের বাগাদী শাখায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার দুপুরে চাঁদপুর সদর মডেল থানায় অভিযোগ করেন শাখা ব্যবস্থাপক মাহমুদা আক্তার।
মাহমুদা আক্তার জানান, ব্যাংক ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত আবাসিক কক্ষগুলোর জানালার কাচ ভেঙে ভেতরে কাচের বোতলজাতীয় কিছু নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেওয়া হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে কক্ষের আসবাবপত্র, কাপড়চোপড় ও ভবনের একাংশ ক্ষতিগ্রস্ত হয়। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ব্যাংকের অফিস সহকারী ও নৈশপ্রহরী নিত্য হাওলাদার জানান, গভীর রাতে জানালা দিয়ে আগুন ছড়িয়ে পড়তে দেখে তিনি দ্রুত বাইরে বেরিয়ে আসেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার খবর পেয়ে শনিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন চাঁদপুরের পুলিশ সুপার মিজানুর রহমান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল কবির, চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ, সেকেন্ড অফিসার ফেরদৌস নূর এবং উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান ও নাদির শাহসহ পুলিশের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
চাঁদপুর সদর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নিজস্ব প্রতিবেদক