চাঁদপুরের কচুয়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ জুয়েল মিয়াজী (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১০ হাজার টাকা।
শনিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দোয়াটি এলাকার একটি সেতুর ওপর অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলামের নির্দেশনায় এবং পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল মাদক উদ্ধারে অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন জুয়েল মিয়াজীকে আটক করে তল্লাশি চালানো হলে তাঁর কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার জুয়েল মিয়াজী কচুয়া উপজেলার পালাখাল ইউনিয়নের পালাখাল গ্রামের মিয়াজী বাড়ির বাসিন্দা। তাঁর বাবা আবুল খায়ের এবং মা জাহানারা বেগম।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় কচুয়া থানায় মামলা হয়েছে। মামলাটি ২৪ অক্টোবর নথিভুক্ত করা হয়।
কচুয়া থানা-পুলিশ জানায়, গ্রেপ্তার জুয়েল মিয়াজীকে রোববার (২৫ অক্টোবর) যথাযথ পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক