প্রকাশের সময়: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ । ১২:১৬ এএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

জেদ্দা থেকে আসা যাত্রীর হ্যান্ডব্যাগে ২ কোটি ৮০ লাখ টাকার স্বর্ণ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর হ্যান্ডব্যাগ থেকে ১ কেজি ৪৮০ গ্রাম ওজনের ৪৯টি স্বর্ণের চুড়ি উদ্ধার করেছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) কর্মকর্তারা। উদ্ধার করা স্বর্ণের শুল্ক-করসহ আনুমানিক মূল্য ২ কোটি ৮০ লাখ ২৩ হাজার ৮০০ টাকা।

রোববার (২৫ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা। সকাল ১১টা ১২ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৩৬ ফ্লাইটে সৌদি আরবের জেদ্দা থেকে আসা যাত্রী মো. শরিফ (পাসপোর্ট নম্বর: A01009640) বিমানবন্দরে অবতরণ করেন।

পরে ওই যাত্রী স্বর্ণালংকারের ঘোষণা না দিয়েই গ্রিন চ্যানেল অতিক্রমের চেষ্টা করেন। এ সময় কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা তাঁকে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বর্ণ বহনের বিষয়টি অস্বীকার করেন।

তবে গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহ হওয়ায় তাঁর ব্যাগেজ তল্লাশির সিদ্ধান্ত নেন কর্মকর্তারা। পরে অন্যান্য সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে বিমানবন্দরের কাস্টমস হলরুমে তাঁর হ্যান্ডব্যাগ তল্লাশি করা হয়। এ সময় ব্যাগের ভেতর থেকে ৪৯টি স্বর্ণের চুড়ি উদ্ধার করা হয়।

উদ্ধার করা চুড়িগুলোর মোট ওজন ১ কেজি ৪৮০ গ্রাম। শুল্ক-করসহ এসব স্বর্ণের আনুমানিক মূল্য ২ কোটি ৮০ লাখ ২৩ হাজার ৮০০ টাকা।

স্বর্ণ চোরাচালান প্রতিরোধে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রিন্ট করুন