চাঁদপুরের হাইমচরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মজুত ও বিক্রির দায়ে একটি খাবারের দোকানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় দোকানটি থেকে প্রায় ১৮ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে জব্দ করা মাছ দুটি এতিমখানায় বিতরণ করা হয়েছে। একই অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য বিক্রির দায়ে আরেকটি রেস্তোরাঁকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (২৬ অক্টোবর) উপজেলার চরভৈরবী মাছঘাট-সংলগ্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ‘ইসলামিয়া হোটেল’ নামের একটি খাবারের দোকানে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মজুত ও বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি দোকানটি থেকে আনুমানিক ১৮ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে জব্দ করা মাছ দুটি এতিমখানায় বিতরণ করা হয়।
এ ছাড়া একই ইউনিয়নে অবস্থিত ‘ক্যাফে জমজম রেস্টুরেন্ট অ্যান্ড ফাস্ট ফুড’ নামের একটি প্রতিষ্ঠানকে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে হাইমচর থানা-পুলিশের একটি দল সহযোগিতা করে।

উপজেলা প্রতিনিধি, (হাইমচর)