প্রকাশের সময়: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ । ১:০৬ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

বাস্কেটবল ফেডারেশনের অ্যাডহক কমিটিতে চাঁদপুরের আকাশ

নিজস্ব প্রতিবেদক

চাঁদপুরের ক্রীড়াঙ্গনের জন্য সুখবর। বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের নবগঠিত অ্যাডহক কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন চাঁদপুরের ক্রীড়া সংগঠক অ্যাডভোকেট নূরুল আমিন খান আকাশ।

তিনি চাঁদপুর বাস্কেটবল একাডেমির সাধারণ সম্পাদক ও সামাজিক সংগঠন ‘ক্লিন চাঁদপুর’-এর প্রতিষ্ঠাতা।

গত মঙ্গলবার (৩ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের ক্রীড়া অনুবিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রবীণ ক্রীড়া সংগঠক মো. রায়হান সিদ্দিকী প্রবাল।

চাঁদপুর বাস্কেটবল একাডেমির পক্ষ থেকে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় বলা হয়, দীর্ঘদিনের অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা, সততা ও নিষ্ঠার মাধ্যমে অ্যাডভোকেট নূরুল আমিন খান আকাশ জাতীয় পর্যায়ে বাস্কেটবলের উন্নয়ন ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তাঁরা আশাবাদী।

বার্তায় জাতীয় পর্যায়ে চাঁদপুরের একজন ক্রীড়া সংগঠককে মূল্যায়ন করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।

নতুন এই দায়িত্ব পাওয়ায় চাঁদপুর বাস্কেটবল একাডেমির খেলোয়াড়, কর্মকর্তা ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। তাঁরা অ্যাডভোকেট নূরুল আমিন খান আকাশের সুস্বাস্থ্য, সফলতা ও আগামী দিনের সাংগঠনিক পথচলার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেছেন।

প্রিন্ট করুন