যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত একাধিক রাজনীতিক জয় পেয়েছেন। তাঁদের মধ্যে কানেকটিকাটের স্টেট সিনেটর এমডি মাসুদুর রহমান রিপাবলিকান প্রার্থীকে হারিয়ে পুনর্নির্বাচিত হয়েছেন। তিনি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কৃতিসন্তান।
প্রাথমিক ফল অনুযায়ী, কানেকটিকাট স্টেট সিনেটের ৪ নম্বর আসনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী এমডি মাসুদুর রহমান ৬৬ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী জেন জেনিংস পেয়েছেন ৩৪ শতাংশ ভোট।
২০২২ সালের সাধারণ নির্বাচনে প্রথমবার কানেকটিকাটের ৪ নম্বর আসন থেকে সিনেটর নির্বাচিত হন মাসুদুর রহমান। ২০২৪ সালের নির্বাচনেও ৩৩ হাজার ৯৯ ভোট পেয়ে আসনটি ধরে রেখেছিলেন তিনি।
এদিকে জর্জিয়ার স্টেট সিনেটর শেখ রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হয়েছেন। নিউ হ্যাম্পশায়ারের আইনসভার সদস্য আবুল খানও নির্বাচনে জয়ী হয়েছেন বলে প্রাথমিক ফলাফলে জানা গেছে।
মাসুদুর রহমান পাটওয়ারী হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সোনাইমুড়ি গ্রামের পাটওয়ারী বাড়ির মৃত নুরুল হক পাটওয়ারীর সন্তান।
যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত অনেক মার্কিন নাগরিক তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

নিজস্ব প্রতিবেদক