প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬ । ১০:০৫ এএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

১৫ নভেম্বর কাতার যাওয়ার কথা, তার আগেই সড়কে নিভল তরিকের প্রাণ

নিজস্ব প্রতিবেদক

কাতার যাওয়ার সব প্রস্তুতি প্রায় শেষ। আগামী ১৫ নভেম্বর বিদেশে পাড়ি দেওয়ার কথা ছিল মো. তরিকের (৩২)। স্ত্রী-সন্তান ও বাবা-মায়ের স্বপ্ন ছিল, বিদেশে গিয়ে উপার্জন করে পরিবারের অভাব ঘোচাবেন, গড়বেন সুখের সংসার। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি। বিদেশযাত্রার মাত্র ১২ দিন আগে থেমে গেল তাঁর জীবন।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নের মেনাপুর বাদশা মিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তরিক মতলব দক্ষিণ উপজেলার ডিঙ্গাভাঙ্গা গ্রামের লিয়াকত আলীর ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে নিজ বাড়ি থেকে বাইসাইকেল চালিয়ে হাজীগঞ্জ উপজেলার মেনাপুর গ্রামে মামাশ্বশুরের বাড়িতে যাচ্ছিলেন তরিক। পথে মেনাপুর বাদশা মিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়।

এতে সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তরিক। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর মোটরসাইকেল চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে তাঁর পরিচয় পাওয়া গেছে। তিনি মোস্তাফিজুর রহমান (২২)। তাঁর বাবার নাম বাবুল প্রধানিয়া এবং মায়ের নাম শাহিনুর বেগম। তাঁর বাড়ি মকুন্দশার গ্রামে।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পংকজ জানান, ওই যুবককে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল।

নিহতের পরিবারের সদস্যরা জানান, চলতি মাসের ১৫ নভেম্বর তরিকের কাতার যাওয়ার কথা ছিল। বিদেশযাত্রার সব প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে ছিল। পরিবারের স্বপ্ন ছিল, তাঁর উপার্জনে ঘুরে দাঁড়াবে সংসার। কিন্তু বিদেশ যাওয়ার মাত্র ১২ দিন আগে দুর্ঘটনায় তাঁর মৃত্যুতে পরিবারের সেই স্বপ্ন ভেঙে গেছে।

তরিকের মৃত্যুতে তাঁর পরিবার-পরিজন ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রিন্ট করুন