প্রকাশের সময়: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ । ৭:২৩ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে বিশেষ অভিযানে আরও ৪ আ.লীগ নেতাকর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

চাঁদপুরের ফরিদগঞ্জে নাশকতা বিরোধী বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের আরও চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে গত তিন দিনে উপজেলায় মোট ১৯ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) রাতে চাঁদপুর জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের বিশেষ নির্দেশনায় এবং ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্ল্যাহর সার্বিক পরিচালনায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ অভিযান চালানো হয়।

অভিযানে গ্রেফতার ব্যক্তিরা হলেন—ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সদস্য ও রূপসা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম (৪৮), পাইকপাড়া উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. আলমগীর হোসেন (৫০), বালিথুবা পশ্চিম ইউনিয়ন যুবলীগ নেতা আ. সালাম ওরফে আরিফ মিজি (৩৫) এবং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য মো. আলী আকবর হাজী (৫০)।

পুলিশ সূত্রে জানা গেছে, দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং গোপন নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধের লক্ষ্যে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেফতার চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে সোমবার (৯ নভেম্বর) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত রয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

প্রিন্ট করুন