চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে রাসেল (নাম) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে তিন পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তি স্থানীয় একটি অটো রাইস মিলের কর্মচারী।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শিবপুর বাংলাবাজার এলাকায় নাহিদ স্টোরের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) মো. খায়রুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় রাসেলের হেফাজত থেকে তিন পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার রাসেল কুমিল্লার লাকসাম উপজেলার পূর্ব লাকসাম এলাকার মৃত মকবুল আহামদের ছেলে। তিনি শাহরাস্তির শিবপুর বাংলাবাজার এলাকার মীম মীনা অটো রাইস মিলে কর্মচারী হিসেবে কাজ করতেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় শাহরাস্তি মডেল থানায় মামলা করা হয়েছে। ১০ নভেম্বর দায়ের করা এ মামলার নম্বর ৯ এবং জিআর নম্বর ৩৫২।
শাহরাস্তি থানা-পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিকে যথাযথ পুলিশি নিরাপত্তায় আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

নিজস্ব প্রতিবেদক