প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ । ৯:০০ এএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে সিএনজি ব্যবসার নামে ৩২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, নারীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক

চাঁদপুরের শাহরাস্তিতে যৌথভাবে সিএনজি ব্যবসা করার কথা বলে চার ব্যক্তির কাছ থেকে ৩২ লাখ টাকা নেওয়ার পর এক নারী ও তার স্বামীর বিরুদ্ধে আত্মগোপনে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত নারী মর্জিনা আক্তারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। তবে তাকে গ্রেপ্তারে চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

অভিযুক্ত মর্জিনা আক্তার উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বেরকী গ্রামের বাসিন্দা। তার স্বামী মো. সেলিম মিয়া পেশায় একজন সিএনজিচালক ও ভ্রাম্যমাণ ব্যবসায়ী।

ভুক্তভোগীদের অভিযোগ, ২০২৫ সালের ১৩ জুলাই বেরকী মজুমদার বাড়ির পাঁচজন মিলে নতুন সিএনজি কিনে ব্যবসা পরিচালনার সিদ্ধান্ত নেন। এ লক্ষ্যে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে একটি চুক্তিনামা সম্পাদন করা হয়। চুক্তি অনুযায়ী, ব্যবসার ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয় সেলিম মিয়াকে। ব্যবসা থেকে অর্জিত লাভ বিনিয়োগের অনুপাতে ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত হয়।

চুক্তি অনুসারে, রেহানা আক্তার ১৪ লাখ, জসিম উদ্দিন ৮ লাখ, মোরশেদ আলম ৫ লাখ এবং মনজুমা বেগম ৫ লাখ টাকা বিনিয়োগ করেন। চারজনের কাছ থেকে সংগৃহীত মোট ৩২ লাখ টাকা ব্যবসার কাজে ব্যবহারের জন্য মর্জিনা আক্তারের কাছে হস্তান্তর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীদের দাবি, টাকা নেওয়ার পর ব্যবসার শর্ত অনুযায়ী মর্জিনা আক্তার একটি চেক প্রদান করেন। ২০২৬ সালের ৩ ফেব্রুয়ারি বাদিনীর বসতঘরে চেকটি দেওয়া হয় বলে তাদের দাবি। পরে ৮ ফেব্রুয়ারি চেকটি ব্যাংক এশিয়া পিএলসি, হাজীগঞ্জ শাখায় জমা দেওয়া হলে তা ডিজঅনার হয়। এ ঘটনায় ১০ ফেব্রুয়ারি আইনজীবীর মাধ্যমে অভিযুক্তের ঠিকানায় আইনি নোটিশ পাঠানো হয়।

অন্যদিকে, টাকা হস্তান্তরের কয়েক দিন পর মর্জিনা আক্তার ও তার স্বামী সেলিম মিয়া বাড়ি ছেড়ে চলে যান বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এরপর বিভিন্নভাবে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো সন্ধান পাওয়া যায়নি। একপর্যায়ে প্রতিকার চেয়ে আদালতের দ্বারস্থ হন তারা।

ভুক্তভোগীরা জানান, আদালত মামলাটি আমলে নিয়ে মর্জিনা আক্তারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। বর্তমানে অভিযুক্ত ওই নারী ও তার স্বামী আত্মগোপনে রয়েছেন বলে তাদের অভিযোগ।

এ বিষয়ে শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, চেক জালিয়াতির ঘটনায় মর্জিনা আক্তারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাকে আইনের আওতায় আনতে সর্বোচ্চ চেষ্টা চলছে।

ভুক্তভোগীরা তাদের বিনিয়োগ করা ৩২ লাখ টাকা ফেরত পাওয়ার পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

প্রিন্ট করুন