চাঁদপুরের শাহরাস্তিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হাজীগঞ্জ উপজেলার এনায়েতপুর ও শাহরাস্তি উপজেলার ধোপল্লা গ্রামের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে শাহজাহান (৩৫) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। নিহতের ভাইয়ের দায়ের করা মামলায় রাতেই এজাহারভুক্ত প্রধান আসামিসহ ২জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে শাহরাস্তি উপজেলার ধোপল্লা বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত শাহজাহান হাজীগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের এনায়েতপুর মুন্সীবাড়ির বাসিন্দা।
নিহতের ভাই মানিক হোসেন জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। বিকেলে শাহজাহান অটোরিকশা নিয়ে বাড়ি ফেরার পথে সংঘর্ষের মধ্যে পড়ে হামলার শিকার হন।
পরে তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে যাওয়া হয়। সন্ধ্যার পর হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে পুনরায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা জানান, ঘটনাটি শাহরাস্তি উপজেলার। নিহত ব্যক্তি হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থাকায় সেখানে পুলিশ তার সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।
এদিকে, নিহতের ভাই বাদী হয়ে শাহরাস্তি মডেল থানায় ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
মামলার পর বৃহস্পতিবার রাতেই শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে এজাহারভুক্ত ১ নম্বর আসামি মো. মাসুদ (৪২) ও ২ নম্বর আসামি ইসমাইল হোসেনকে (২২) গ্রেপ্তার করা হয়। মাসুদকে লাকসাম রেলস্টেশন এলাকা থেকে এবং ইসমাইলকে শাহরাস্তির মেহের স্টেশনের পাশে তার শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় বাকি আসামিদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

নিজস্ব প্রতিবেদক