বিএনপি আয়োজিত ‘নির্বাচনী ইশতেহার ২০২৬: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়ন’ শীর্ষক জাতীয় কর্মশালার দলগত কার্যক্রমে তৃতীয় স্থান অর্জন করেছে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চাঁবিপ্রবি) শাখা ছাত্রদলের একটি দল। দলটির নেতৃত্বে ছিলেন শাখা ছাত্রদলের সভাপতি রাকিবুল কবির নিহাল ও সাধারণ সম্পাদক মো. ইফতিখারুল আলম বসুনীয়া। প্রতিযোগিতায় সাফল্যের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন তাঁরা।
গত ১৪ নভেম্বর রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
কর্মশালায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ইসমাইল রবিউল্লাহ, জাতীয় সংসদের হুইপ ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন, জাহেদ উর রহমান ও প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দার উপস্থিত ছিলেন।
এ ছাড়া জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ বিভিন্ন মহানগর ও বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি, আহ্বায়ক, সাধারণ সম্পাদক ও সদস্যসচিবরা কর্মশালায় অংশ নেন।
কর্মশালার দলগত কার্যক্রমে ১০ জন করে অংশগ্রহণকারী নিয়ে মোট ১০টি দল গঠন করা হয়। প্রতিটি দলকে নির্বাচনী ইশতেহারের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্য থেকে একটি নির্দিষ্ট বিষয়ে আলোচনা, মতবিনিময় ও প্রস্তাবনা তৈরির দায়িত্ব দেওয়া হয়। এ জন্য দলগুলোকে ৩০ মিনিট সময় দেওয়া হয়।
পরে প্রতিটি দলের একজন প্রতিনিধি তিন মিনিটের মধ্যে নিজ দলের পরিকল্পনা ও প্রস্তাবনা উপস্থাপন করেন।
এ পর্বে চাঁবিপ্রবি ছাত্রদলের সভাপতি রাকিবুল কবির নিহাল ও সাধারণ সম্পাদক মো. ইফতিখারুল আলম বসুনীয়ার সমন্বয়ে গঠিত দলটি নিজেদের প্রস্তাবনা উপস্থাপন করে তৃতীয় স্থান অর্জন করে। পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন তাঁরা।
জাতীয় পর্যায়ের এ কর্মশালায় চাঁবিপ্রবি ছাত্রদলের এ অর্জন বিশ্ববিদ্যালয় শাখাটির জন্য উল্লেখযোগ্য সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক