প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ । ১০:০৪ এএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

শাহরাস্তিতে বাজার মনিটরিং, চিংড়িতে ক্ষতিকর জেলি ব্যবহারে ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ঠাকুরবাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার মনিটরিং করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (১৬ নভেম্বর) পরিচালিত এ অভিযানে চিংড়ি মাছে ক্ষতিকর জেলি ব্যবহার করার দায়ে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান। এ সময় বাজারের বিভিন্ন দোকানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও মান যাচাই করা হয়।

এর আগে একই অপরাধে উপজেলার কালীবাড়ী মাছ বাজারে দুই মাছ ব্যবসায়ীকে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছিল। এছাড়া যানজট নিরসনেও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে আইন অমান্যকারীদের বিরুদ্ধে অর্থদণ্ড আরোপ করা হয়।

বাজারে ভেজাল ও ক্ষতিকর উপাদান ব্যবহার রোধ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জনসাধারণের স্বার্থ রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের মনিটরিং ও অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রিন্ট করুন