প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ । ১:০৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

কচুয়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক

চাঁদপুরের কচুয়ায় পৃথক দুটি অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) রাতে কচুয়া উপজেলার পালাখাল ও বিতারা ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত ৭টা ৫০ মিনিটে উপজেলার ৪ নম্বর পালাখাল মডেল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেঘদাইর বাজারে আবুল হোসেনের চায়ের দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালায় পুলিশ। এ সময় সুমন (২৬) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি পালাখাল পাটোয়ারী বাড়ির দুলাল মিয়ার ছেলে। তাঁর দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।

অন্যদিকে, একই দিন রাত ৮টা ১০ মিনিটে উপজেলার ৩ নম্বর বিতারা ইউনিয়নের মাঝিগাছা গ্রামের ভূঁইয়া বাড়ির সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে ইব্রাহিম (২৫) নামের আরেক ব্যক্তিকে আটক করে পুলিশ। তিনি সাচার ইউনিয়নের শুয়ারুল মোল্লা বাড়ির মৃত রফিকের ছেলে। বর্তমানে মাঝিগাছা গ্রামের বরকত উল্লাহ প্রধানীয়া বাড়িতে খালার সঙ্গে বসবাস করতেন। তাঁর কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৩ হাজার টাকা।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলামের নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হকের নেতৃত্বে অভিযান দুটি পরিচালিত হয়। এতে থানার উপপরিদর্শক (এসআই) সোহেল খান ও এসআই ফ. ম. শাহজাহানসহ পুলিশের পৃথক দল অংশ নেয়।

এ ঘটনায় আটক সুমনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় কচুয়া থানায় মামলা হয়েছে। মামলাটি এফআইআর নম্বর ৩১। ইব্রাহিমের বিরুদ্ধে একই আইনের ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় এফআইআর নম্বর ৩২-এ মামলা করা হয়েছে।

পুলিশ জানায়, আটক দুজনকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) যথাযথ পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে।

প্রিন্ট করুন