প্রকাশের সময়: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ । ২:৩৫ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

হাইমচরে শিক্ষার্থীদের অনুপস্থিতি নিয়ে উদ্বেগ, অভিভাবক সমাবেশের উদ্যোগ নিতে ইউএনওর অনুরোধ

নিজস্ব প্রতিবেদক

চাঁদপুরের হাইমচরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে অভিভাবক সমাবেশ আয়োজনের উদ্যোগ নিতে বলেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম।

আজ সোমবার (২৩ নভেম্বর) উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনকালে তিনি এ পরামর্শ দেন।

সকালে উপজেলার ৯ নম্বর নয়ানী লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন ইউএনও। এ সময় শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি ও বিদ্যালয়ে উপস্থিতির বিষয়ে খোঁজ নেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, অনেক শিক্ষার্থী যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত হয় না। পরে অনুপস্থিত ও দেরিতে বিদ্যালয়ে আসা শিক্ষার্থীদের তালিকা তৈরি করে দ্রুত অভিভাবক সমাবেশ আয়োজনের জন্য প্রধান শিক্ষককে অনুরোধ জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এর আগে উপজেলার ২ নম্বর আলগী দুর্গাপুর (উত্তর) ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেন তিনি। এ সময় দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন পরিবার কল্যাণ পরিদর্শিকার সঙ্গে কথা বলে কেন্দ্রের সেবাসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।
এদিকে ১ নম্বর গাজীপুর ইউনিয়নের প্রয়াত গ্রাম পুলিশ মো. আলী ভূঁইয়ার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন ইউএনও। গত ১৯ নভেম্বর অসুস্থতাজনিত কারণে মারা যান তিনি। পরিবারের সদস্যদের সঙ্গে আলাপকালে প্রয়াত গ্রাম পুলিশের প্রাপ্য আনুতোষিক দ্রুততম সময়ের মধ্যে প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

দিনের পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে চরভৈরবী ইউনিয়নের ৫৯ নম্বর খলিফাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চরভৈরবী আজহারুল উলুম আজিজিয়া দাখিল মাদ্রাসা পরিদর্শন করেন তিনি। এ সময় প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্‌-প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে শিক্ষার্থীদের শিখনমান নিয়ে আলোচনা করেন।

এ ছাড়া বিদ্যালয় প্রাঙ্গণে পড়ে থাকা নির্মাণসামগ্রী দ্রুত সরিয়ে নেওয়ার ব্যবস্থা করতে সংশ্লিষ্ট প্রধান শিক্ষক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অনুরোধ জানান ইউএনও।

প্রিন্ট করুন