চাঁদপুরে পুলিশের চেকপোস্টে এক যুবকের মোবাইল ফোনে পিস্তলের ছবি পাওয়ার সূত্র ধরে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ চাচা-ভাতিজাকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) ভোরে কচুয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কড়ইশ গ্রামের প্রধানিয়া বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় চাচা নাহিদ হোসেনের বসতঘরের খাটের ড্রয়ার থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।
গ্রেফতার দুজন হলেন কড়ইশ গ্রামের জাকির হোসেনের ছেলে নাহিদ হোসেন (২৭) এবং তার ভাতিজা একই গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মো. আরাফাত (২১)।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে চাঁদপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গনি স্কুলের পেছনে কোড়ালিয়া এলাকায় চাঁদপুর সদর মডেল থানা পুলিশের একটি চেকপোস্ট বসানো হয়। এসআই কালাম গাজী ও এএসআই কামরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ওই চেকপোস্টে সন্দেহজনক চলাচলের কারণে ১০ যুবককে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
এ সময় তাদের মোবাইল ফোন যাচাই করতে গিয়ে মো. আরাফাতের ফোনের গ্যালারিতে একটি পিস্তলের ছবি দেখতে পান পুলিশ সদস্যরা। পরে ছবির বিষয়ে জানতে চাইলে আরাফাত জানায়, পিস্তলটি তার চাচা নাহিদ হোসেনের। শখের বশে পিস্তলটি হাতে নিয়ে সে ছবিটি তুলেছিল।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার ভোর আনুমানিক ৬টার দিকে এসআই কালাম গাজীর নেতৃত্বে সদর মডেল থানা পুলিশের একটি দল কচুয়া থানা পুলিশের সহযোগিতায় নাহিদ হোসেনের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বসতঘরের খাটের ড্রয়ার থেকে বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পরে নাহিদ ও আরাফাতকে গ্রেফতার করে থানায় নেওয়া হয়। পাশাপাশি চেকপোস্টে আটক অপর ১০ যুবকও থানা হেফাজতে রয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নিজস্ব প্রতিবেদক