প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ । ৭:৫৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

কচুয়া প্রেসক্লাবের আয়োজনে গুণীজন, কৃতী শিক্ষক ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক

চাঁদপুরের কচুয়ায় শিক্ষা, চিকিৎসাসেবা, সাংবাদিকতা ও সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় গুণীজন, কৃতী শিক্ষক ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সমাজের আলোকিত মানুষদের সম্মাননা জানানো এবং নতুন প্রজন্মকে ভালো কাজের প্রতি উৎসাহিত করার লক্ষ্যে এ আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কচুয়া প্রেসক্লাবের আয়োজনে রাজমহল চাইনিজ রেস্টুরেন্টের মিলনায়তনে সংবর্ধনা ও সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হয়।

কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. এমদাদ উল্যাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কচুয়া সরকারি ডিগ্রি কলেজের সাবেক ভিপি নুর মোহাম্মদ কচি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা উত্তর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ মিয়াজী, কচুয়া পৌর বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সেলিম পাটোয়ারী, কচুয়া প্রেসক্লাবের আজীবন সদস্য শরিফুল ইসলাম মিঠু ও শফিকুল ইসলাম পাঠান স্বপন।

এ ছাড়া উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আমিন উল্যাহ, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হোসেন, খোরশেদ আলম শিকদার, আলমগীর তালুকদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি, কৃতী শিক্ষক, মেধাবী শিক্ষার্থী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন। বক্তারা বলেন, সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা গুণীজনদের সম্মাননা জানানো একটি প্রশংসনীয় উদ্যোগ।

তাঁদের কর্ম, নিষ্ঠা ও সাফল্য অন্যদের জন্য অনুপ্রেরণার উৎস। বিশেষ করে কৃতী শিক্ষক ও মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি দেওয়ার মাধ্যমে শিক্ষাক্ষেত্রে ইতিবাচক প্রতিযোগিতা ও সৃজনশীলতার পরিবেশ তৈরি হবে।

বক্তারা আরও বলেন, একটি সুন্দর ও আদর্শ সমাজ গঠনে শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসক, সাংবাদিক ও সমাজসেবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের কাজের স্বীকৃতি দেওয়া হলে সমাজে মানবিকতা, দায়িত্ববোধ ও ভালো কাজের চর্চা আরও বাড়বে। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে উৎসাহিত করবে।

অনুষ্ঠানের শেষপর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় সংবর্ধিত ব্যক্তিদের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেন অতিথিরা। এ সময় উপস্থিত ব্যক্তিরা কচুয়া প্রেসক্লাবের এ উদ্যোগের প্রশংসা করেন।

প্রিন্ট করুন