অনার্সের পর মাস্টার্সেও প্রথম শিবির নেতা সাজ্জাদ হাসান খান, ফল প্রকাশের দিনই ছাড়লেন হল
শিবির নেতা সাজ্জাদ হাসান খান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ইসলামি ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ হাসান খান অনার্সের পর মাস্টার্স পরীক্ষাতেও ৪.০০ সিজিপিএ অর্জন করে এককভাবে প্রথম স্থান লাভ করেছেন। ফল প্রকাশের দিনই তিনি নিজের আবাসিক হলের সিট ছেড়ে দেন।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০২৪ সালের মাস্টার্স দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে প্রকাশ করা হয়। পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল ২০২৫ সালের নভেম্বর মাসে। ফল প্রকাশের দিনই আনুষ্ঠানিকভাবে হল ত্যাগ করেন সাজ্জাদ হাসান খান।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, অনার্স পর্যায়েও তিনি ৪.০০ সিজিপিএ অর্জন করে প্রথম স্থান লাভ করেছিলেন। মাস্টার্সেও একই ফল ধরে রেখে এককভাবে প্রথম হওয়ায় সহপাঠী ও শিক্ষার্থীদের মধ্যে তিনি প্রশংসিত হচ্ছেন।
হল ছাড়ার সময় সাজ্জাদ হাসান খান বলেন, “আজই ফল প্রকাশ হয়েছে। তাই আজই আনুষ্ঠানিকভাবে হল ছেড়ে দিচ্ছি। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর হলে উঠেছিলাম। আজ আমার হলজীবনের সমাপ্তি হলো।”
তিনি আরও বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম বড় সমস্যা হলো সিট সংকট। এই সংকটকে কেন্দ্র করেই বিভিন্ন সময় গণরুম ও গেস্টরুম সংস্কৃতির সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসন এবং হলে শুধুমাত্র নিয়মিত শিক্ষার্থীদের অবস্থান নিশ্চিত করার বিষয়ে কাজ করার প্রতিশ্রুতি রয়েছে।”
ফল প্রকাশের দিনই হল ত্যাগের ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই এটিকে বিশ্ববিদ্যালয়ের আবাসন নীতির প্রতি সম্মান প্রদর্শনের ইতিবাচক উদাহরণ হিসেবে দেখছেন।
















